সাম্প্রতিক বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনকে সহায়তা এবং মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বজায় রাখার ফলে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। পেন্টাগনের মজুত ব্যবস্থাপনা এখন সামরিক কৌশলবিদদের কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন ও ইসরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহের কারণে যুক্তরাষ্ট্রের নিজস্ব কৌশলগত মজুত এমন পর্যায়ে নেমেছে যা দীর্ঘমেয়াদী বড় কোনো সংঘাতের ক্ষেত্রে ঝুঁকির কারণ হতে পারে। মার্কিন প্রতিরক্ষা শিল্পখাত বর্তমানে উৎপাদন বাড়ানোর চেষ্টা করলেও, কাঁচামালের সরবরাহ ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তাৎক্ষণিকভাবে মজুত পূর্ণ করা কঠিন হয়ে পড়ছে। হোয়াইট হাউস বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং অস্ত্র উৎপাদন বৃদ্ধিতে প্রতিরক্ষা ঠিকাদারদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জানা গেছে।
সূত্র: রাইজিংবিডি





