সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি কর্মীদের দীর্ঘদিনের ভিসা প্রাপ্তির জটিলতা নিরসনে কাজ করার আশ্বাস দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। সম্প্রতি দুবাই প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, বিশেষ করে শ্রমিক ও পর্যটক ভিসার স্থগিতাদেশের কারণে সাধারণ প্রবাসীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
নুরুল হক নুর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করা। তিনি আরও যোগ করেন যে, বিদেশে অবস্থানরত অনেক বাংলাদেশি তরুণ রাজনৈতিক কারণসহ বিভিন্ন অজুহাতে আইনি জটিলতায় পড়েছেন। তাদের আইনি সহায়তা এবং দেশে ফেরত আসা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। রেমিট্যান্স প্রবাহ সচল রাখতে প্রবাসীদের স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সূত্র: ঢাকা পোস্ট





