জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশে সৌরবিদ্যুতের ব্যবহার ক্রমাগত বাড়ছে। তবে এই উদ্যোগের আড়ালে ধেয়ে আসছে ই-বর্জ্যের এক ভয়াবহ ঝুঁকি। দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের একটি বড় অংশ জুড়ে রয়েছে সোলার হোম সিস্টেম ও সোলার পার্ক। কিন্তু মেয়াদ শেষ হওয়া এসব প্যানেল ও ব্যাটারির যথাযথ ব্যবস্থাপনা বা পুনর্ব্যবহারের কার্যকর ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি।
বিশেষজ্ঞদের মতে, সোলার প্যানেলে থাকা সীসা, ক্যাডমিয়াম এবং সিলিকনের মতো ক্ষতিকর উপাদানগুলো মাটির সাথে মিশে দীর্ঘমেয়াদী ক্ষতি করছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নবায়নযোগ্য জ্বালানির লক্ষে জোর দেওয়া হলেও বর্জ্য ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় এই সংকট আরও তীব্র হচ্ছে। দ্রুত টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না করলে সৌরশক্তি অদূর ভবিষ্যতে পরিবেশের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।
সূত্র: ঢাকা পোস্ট





